টেকনাফে দখলে বাধা দেওয়ায় গৃহবধূর চোখ উৎপাটন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভিটেবাড়ি দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা এক গৃহবধূর ডান চোখ উৎপাটন করেছে। মাথা ফাটিয়েছে একজনের। গতকাল শনিবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত রহিমা আক্তারকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ ও তাঁর দেবর দলিল আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়াপাড়া এলাকার বাসিন্দা ফরিদ আহমদ ২০/২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে নয়াপাড়া স্টেশনের দক্ষিণ-পূর্ব পাশে প্রয়াত হায়দার আলীর ছেলেদের ভিটেবাড়ি নিজের দাবি করে জবরদখলের চেষ্টা করে। সন্ত্রাসীরা বাড়ির বেড়া ভাঙচুর করে লাল ফিতা টানানোর চেষ্টা করে। এ সময় বাড়িতে থাকা হায়দারের ছেলে দলিল আহমদ ও বড় ছেলে গুরা মিয়ার স্ত্রী রহিমা বাধা দেওয়ার চেষ্টা করেন। সন্ত্রাসীরা দুজনকে দা, কিরিচ, খুন্তি নিয়ে উপর্যুপরি আঘাত করে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের দেখা যায়নি। দেখা যায়, গৃহবধূ রহিমার ডান চোখ উপড়ে ঝুলে রয়েছে। তাঁর দেবর দলিলের মাথা ফেটে রক্ত বের হচ্ছিল।