টেকনাফে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে পালানোর সময় গত শনিবার রাতে ইয়াবা ব্যবসায়ী জাহেদ হোসেন ওরফে জাকু (৪৫) ও এরশাদকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
জাহেদ ও এরশাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। স্থানীয় সূত্র জানায়, জাহেদ আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির প্রধান সহযোগী। গত ২০ মার্চ টেকনাফের নাফ নদের জালিয়ারদিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের ইয়াবা ব্যবসায়ী নূর মোহাম্মদ (৪২)।
এ ঘটনায় র্যাব টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা করে। আটক এরশাদ হত্যা ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, হত্যা ও অস্ত্র মামলায় গ্রেপ্তার এড়াতে এরশাদকে টেকনাফ থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার পৌঁছে দিচ্ছিলেন জাহেদ। রাত ১০টার দিকে তাঁরা টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া তল্লাশি চৌকিতে এলে বিজিবির সদস্যরা মোটরসাইকেলসহ তাঁদের আটক করেন। পরে তাঁদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ইয়াবা ব্যবসায়ী নূর মোহাম্মদ হত্যা মামলার আসামি এরশাদকে আটক করা হয়েছে। আর এরশাদকে পালাতে সহযোগিতা করার অভিযোগে জাহেদকে আটক করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, এরশাদকে গতকাল রোববার কক্সবাজার বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে গতকাল শুনানি হয়নি। আর জাহেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।