কক্সবাজারের টেকনাফ উপজেলায় মোহাম্মদ শফিক (১৮) ও সৈয়দ আহমদ (৩০) নামের দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। উপকূলের হাদুরছড়া সৈকত এলাকায় গত রোববার রাতে লাশ দুটি পাওয়া যায়। ঝড়ের কবলে পড়ে রোববার বঙ্গোপসাগরে নৌকাডুবির পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। স্থানীয় সূত্র জানায়, এখনো নিখোঁজ নয়জন জেলের খোঁজ মেলেনি। উপকূলের বিভিন্ন স্থান থেকে নয়টি ভাঙা নৌকা উদ্ধার করা হয়েছে। এখনো চারটি নৌকার হদিস পাওয়া যায়নি। দুই জেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন শনাক্ত করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, গত রোববার বেলা ১১টার দিকে টেকনাফ উপকূলের হাদুরছড়া, মহেশখালীপাড়া, লম্বরী, তুলাতলি, রাজারছড়া, হাতিয়ারঘোনা, হাবিবছড়া, জাহাজরা, শীলখালী, বড় ডেইল, মনখালী ও শাপলাপুর উপকূলের পাঁচ বাইন, চৌদ্দ বাইন ও ষোলো বাইন নামক চ্যানেলে মাছ শিকার শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক নৌকা নিখোঁজ হয়।