টেকনাফে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল এলাকার মৃত সোলতান আহমদের ছেলে খাইরুল বশর ওরফে চৌধুরী তাঁর ভাগনে শাহ আলমের কাছ ৩০ হাজার টাকা পাওনা দাবি করে বোন রাশেদা বেগমের কাছে নালিশ জানান। কিন্তু ভাগনে উল্টো মামার কাছ থেকে ৩৫ হাজার টাকা পাওনা আছেন বলে দাবি করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয়পক্ষ কিরিচ, দা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খাইরুল বশর (৪৪), রাশেদা বেগম (৩৫), জুলেখা বেগম (২৮), জকির আহমদ (৬৮), শামসুল আলম (৩১) ও ছৈয়দ আলম (২৯) মারাত্মক আহত হন। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত ব্যক্তিদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠান। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।