টেকনাফে দুজন গুলিবিদ্ধ, সন্দেহভাজন দুই অস্ত্র ব্যবসায়ী আটক
কক্সবাজারের টেকনাফে গত রোববার রাত ১০টার দিকে দুই ব্যক্তির গুলিতে অপর দুজন আহত হয়েছেন।গুলি করার পর পালিয়ে যাওয়ার সময় ওই দুই ব্যক্তি জনতার হাতে ধরা পড়েন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে গতকাল সোমবার টেকনাফ থানায় মামলা হয়েছে।আটক ওই দুই ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ দেশে তৈরি একটি এলজি উদ্ধার করেছে। গুলিবিদ্ধ দুজন হলেন উপজেলার ডেইলপাড়া গ্রামের আবুল হোসেন ও মো. ইলিয়াছ। গুরুতর আহত অবস্থায় তাঁদের ওই রাতেই প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।গ্রামবাসী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, কক্সবাজারের মহেশখালী উপজেলার মুহুরীঘোনা পানিরছড়া এলাকার বেলাল হোসেন ও রবি আলম নামের দুই যুবক দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামে অবস্থান করছিলেন। শুরু থেকেই তাঁদের গতিবিধি সন্দেহজনক ছিল। একপর্যায়ে গ্রামবাসী জানতে পারে যে তাঁরা দুজনেই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।গ্রামবাসীর দেওয়া তথ্যমতে, রোববার রাত ১০টার দিকে আবুল হোসেন ও মো. ইলিয়াছ সন্দেহভাজন অস্ত্র ব্যবসায়ী বেলাল হোসেন ও রবি আলমকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন। তা না হলে তাঁদের পুলিশে ধরিয়ে দেওয়া হবে বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা আবুল হোসেন ও মো. ইলিয়াছকে লক্ষ্য করে গুলি ছোড়েন।