টেকনাফে দুটি অস্ত্রসহ আটটি গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে একটি এলজি, একটি বন্দুক, একটি কিরিচসহ আটটি তাজা গুলি উদ্ধার করেছেন বিজিবির জওয়ানেরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং বেড়িবাঁধ এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—গোপনে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং বিওপির কোম্পানি কমান্ডার ফুল মিয়ার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হলে অস্ত্রধারীরা বিজিবির ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী প্যারাবনের দিকে পালিয়ে যায়। এ সময় বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি এলজি, একটি বন্দুক, একটি লম্বা কিরিচ এবং আটটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ফুল মিয়া বলেন, ‘ওই এলাকায় দুই শতাধিক চিংড়িঘের রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, ঘেরে ডাকাতির জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল।’ ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র উদ্ধারে সক্ষম হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।