টেকনাফে দুটি অস্ত্রসহ তিন রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার রাত নয়টার দিকে তিনজন রোহিঙ্গা ডাকাতকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে টেকনাফ মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিদারুল ফেরদৌস, উপপরিদর্শক মো. আলমগীর ও মোহামঞ্চদ ইয়াছিনের নেতৃত্বে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ও রঙ্গিখালী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

এ সময় তাঁরা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকের ৭১০ নম্বর শেডের ২ নম্বর কক্ষের বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে আনু মিয়া ওরফে নাগু ডাকাত (৩৫) ও তাঁর সহযোগী একই শিবিরের ই ব্লকের ৯০৮ নম্বর শেডের ১ নম্বর কক্ষের বাসিন্দা সৈয়দুর রহমানের ছেলে রহিম উল্লাহকে (৩৮) আটক করেন।

পরে তাঁদের স্বীকারোক্তি মতে, রোহিঙ্গা শিবিরের পার্শ্ববর্তী পাহাড়ের শালবাগানের একটি টংঘর থেকে রাতে একটি এলজি, একটি একনলা বন্দুক, লম্বা কিরিচ, কোদাল, হাতুড়ি উদ্ধার করা হয়।

অন্যদিকে, গতকাল শনিবার বেলা তিনটার দিকে লেদা মোচনি আন-রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে অর্ধডজন ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি রশিদ উল্লাহকে (৩৫) আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের ১ নম্বর শেডের ২ নম্বর কক্ষের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে।

নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ মোহামঞ্চদ কামরুজ্জামান বলেন, গত কয়েক মাসে এ শিবির থেকে ১০-১২টি অস্ত্র ও চলতি মাসের ৫ জুন রহিম উল্লাহর কক্ষ থেকে নয় ভরি স্বর্ণ, পাঁচ ভরি রুপা, একটি ল্যাপটপ ও অর্ধলক্ষাধিক টাকা উদ্ধার করে থানার পুলিশের কাছে জমা দেওয়া হয়। রোহিঙ্গা শিবিরটি অরক্ষিত, চারদিকে কোনো গাইডওয়াল না থাকায় বহিরাগত লোকজনের আনাগোনা বেড়ে গেছে।

টেকনাফ মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস বলেন, টেকনাফ-কক্সবাজার সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিনিয়ত আটককৃতরা ডাকাতি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।