টেকনাফে দুদিনে কুকুরের কামড়ে ১৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে গত দুদিনে কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত রোববার ও গত সোমবার কুকুরের কামড়ে আহত হয়ে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছে। কিন্তু এসব হাসপাতালে ভ্যাকসিন না থাকায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, গত দুদিনে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে নয়জন আহত হন। তাঁরা হলেন বোরহান উদ্দিন (৩৫), নজির আহমদ (৩১), ফরিদ আলম (২৮), নুর নাহার বেগম (১৭), লাইলা বেগম (১১), শামসুল আলম (১২), বদিউল আলম (১২), হামিদা বেগম (৯) ও রহিম উল্লাহ (৮)।
সেন্ট মার্টিন বিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল ভৌমিক জানান, দ্বীপে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। গত দুদিনে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নেওয়াজ ও ওমর আলী, সপ্তম শ্রেণীর জ্যোৎস্না আক্তার, নবম শ্রেণীর নুরুল আমিন ও দশম শ্রেণীর নবী হোসেন কুকুরের কামড়ে আহত হয়।
স্থানীয় লোকজন জানান, টেকনাফের সরকারি হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায় না। তাই ওষুধের দোকান থেকে ৭০০-১০০০ টাকায় ভ্যাকসিন কিনতে হয়। কিন্তু সামর্থ্য না থাকায় দরিদ্র লোকজন ভ্যাকসিন নিতে পারে না। কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে ১৪টি ভ্যাকসিন নিতে হয়।
পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল্লাহ মনির ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম বলেন, বেওয়ারিশ কুকুর নিধনের প্রক্রিয়া না থাকায় এলাকায় কুকুরের সংখ্যা বেড়ে গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির বলেন, গত বছর শুধু সেন্ট মার্টিনে সাত শতাধিক বেওয়ারিশ কুকুর মারা হয়। তিনি বলেন, কুকুরকে প্রতিবছর টিকা দেওয়া দরকার। কিন্তু বেওয়ারিশ কুকুরকে টিকা দেওয়া সম্ভব নয়। তাই প্রতিবছর নিধন করা প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী জানান, উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে ফ্রি ভ্যাকসিন নিতে পারবে।