টেকনাফে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভি হাবিব উল্লাহর বিরুদ্ধে সরকারি কাজে অনিয়মসহ নানা অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব কামরুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া তাঁকে আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে পরিষদের প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্বভার হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়।এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মৌলভি হাবিব উল্লাহ বলেন, আনীত অভিযোগ মিথ্যা। এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সামসুল ইসলাম বাহারছড়া ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের বিয়ষটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।