টেকনাফে দেড় লাখ ইয়াবা বড়ি আটক
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন এলাকা থেকে আজ মঙ্গলবার দেড় লাখ ইয়াবা বড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সকালে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন এলাকা দিয়ে ইয়াবার বড় চালান আসবে—এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। সকাল সাড়ে আটটার দিকে দুই ব্যক্তি ব্যাগ হাতে নিয়ে স্থলবন্দরের উত্তর গেটের পাশ দিয়ে টেকনাফ-কক্সবাজার সড়কে উঠতে গেলে বিজিবির সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এ সময় ওই দুই ব্যক্তি ব্যাগটি ফেলে পালানো চেষ্টা করলে টেকনাফ পৌর এলাকার কায়ুকখালিয়াপাড়ার বাসিন্দা সাজেদ হোসেন (২৫) ও হ্নীলার দমদমিয়া এলাকার মোহাম্মদ জাবেদকে (১৮) আটক করা হয়। পরে বিজিবির সদস্যরা ওই ব্যাগ থেকে দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, টেকনাফ থেকে উদ্ধার হওয়া ইয়াবা চালানের মধ্যে এটি সবচেয়ে বড় চালান। আটক করা ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এ ঘটনায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।