টেকনাফে নিউমোনিয়া ও ডায়রিয়ায় ৪ জনের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত তিন সপ্তাহে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছে। আক্রান্ত হয়েছে পাঁচ শতাধিক। তাদের মধ্যে আড়াই শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সাবরাং এলাকার আবদুল গফফারের ছেলে আবদুর রহমান (৩) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। গত ২৬ সেপ্টেম্বর নাইট্যংপাড়া গ্রামের শুক্কুর আহমদের মেয়ে বেবী আকতার (২১ মাস) ও গত বুধবার ঈদগাহ এলাকার ফরিদ আহমদ (৪৫) ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যান। গত বুধবার বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়ার হাফেজ আলীর ছেলে বশর আলম (২৭ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত অনেক রোগী শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে অধিকাংশ রোগীই ডায়রিয়ায় আক্রান্ত।হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজন রোগীর অভিভাবকেরা অভিযোগ করেন, পর্যাপ্ত শয্যা, ওষুধ ও পানির ব্যবস্থা নেই। হাসপাতালের সেবিকা অসীমা রানী বৈদ্য ও ঝর্ণা ধর বলেন, ‘কয়েক দিন ধরে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি। সেবিকার সংকট থাকায় রোগীদের সেবা দিতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি।’স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জুবায়ের বলেন, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি।টেকনাফ পৌরসভার কাউন্সিলর নজির আহমদ বলেন, দু-এক সপ্তাহ ধরে তাঁর এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দীর্ঘদিন ধরে খাওয়ার পানির সমস্যা রয়েছে। পার্শ্ববর্তী পাহাড়ি ছড়ার পানি পান করে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোজাফফর আহমদ বলেন, গত দু-তিন সপ্তাহে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত আড়াই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত লোকবল না থাকায় রোগীদের ঠিকমতো চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।