টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার সাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশি জেলে মো. শাকেরের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বেলা তিনটার দিকে সাগরের পশ্চিমপাড়া সৈকত এলাকা থেকে ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, গতকাল নৌকাডুবির ঘটনায় আজ সকালে এক রোহিঙ্গা শিশু ও বিকেলে এক বাংলাদেশি জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ওই জেলের নাম শাকের। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন প্রথম আলোকে বলেন, মো. শাকের (৩০) নিখোঁজ ছিলেন। তিনি শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা আলী হোসেনের ছেলে। শাকের একটি নৌকার মাঝির সহকারী ছিলেন। গতকাল রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। আজ বিকেল সাড়ে তিনটার দিকে ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়।
গত ২৯ আগস্ট থেকে আজ (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ২৩টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শিশু ৫৮, নারী ৩০ ও পুরুষ ২৩ জন।