টেকনাফে নির্বাচনী পোস্টারে ঢেকে গেছে ভাস্কর্য
টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার চার রাস্তার মাথার পানির ফোয়ারা থেকে জিরো পয়েন্টের শাপলা চত্বরের ভাস্কর্যের চারপাশেই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পোস্টারে ভাস্কর্য ঢেকে গেছে। এ কারণে এলাকার সাধারণ লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী পোস্টারে ভাস্কর্য ঢেকে ফেলার বিষয়টি আমার নজরে আসার পর সেগুলো সরিয়ে ফেলতে প্রার্থীদের চিঠি পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে নিজ উদ্যোগে পোস্টার সরিয়ে ফেলা না হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ফরিদ আলম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীরা পোস্টার লাগালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভাস্কর্যটি এভাবে নির্বাচনী পোস্টার-ব্যানারে ঢাকা পড়ায় আমার মতো অনেকেই মর্মাহত।’ সুশাসনের জন্য নাগরিক সুজনের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ভাস্কর্যগুলো জাতীয় ও আন্তর্জাতিক প্রতীক। এগুলোর বারোটা বাজিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টি দেখে হতবাক হতে হয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত ভাস্কর্য থেকে পোস্টার-ফেস্টুন অপসারণ করার জন্য সংশ্লিষ্ট প্রার্থী ও প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।