টেকনাফে নিষিদ্ধ নোট ও গাইড বই বিক্রি চলছেই
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু পাঠ্যবই ব্যবসায়ী সরকারনিষিদ্ধ নোট ও গাইড বই অবাধে বিক্রি করছেন। এসব বই কিনতে প্রতিদিন দোকানগুলোতে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বড় বাজার, বাসস্টেশন, হ্নীলা বাজার, হোয়াইক্যং বাজার ও বাহারছড়া বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট ও গাইড বই। অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে এনসিটিবির ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই পড়ানোর কথা। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন বিদ্যালয় তাদের পছন্দের প্রকাশনা সংস্থার বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য করেছে।স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষকেরা বিভিন্ন প্রকাশনীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওই সব প্রকাশনা সংস্থার বই কিনতে বাধ্য করছেন। উপজেলা পুস্তক ব্যবসায়ী আনিকা পুস্তকালয় ও ইসলামিয়া লাইব্রেরির মালিক নুরুল ইসলাম ও আমির হোসেন বলেন, বাজারে নোট ও গাইড বইয়ের চাহিদা রয়েছে। তবে তাঁরা বিক্রি করছেন না। তবে কিছু প্রকাশনীর বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য করা হয়েছে বলে তাঁরা স্বীকার করেছেন।সাবরাং ও বাহারছড়া শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিদৌল্লাহ ও এম এ মঞ্জুর আলম বলেন, শিক্ষার্থীরা গাইড বই নির্ভরশালী হয়ে পড়েছে। এসব গাইড বই বিক্রয় করা হলেও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় কিছু ব্যবসায়ী অবাধে বিক্রি করছেন।টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস এসব গাইড বইয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে পুলিশের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন। উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, কেউ নোট ও গাইড বই বিক্রি করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।