টেকনাফে নিষিদ্ধ পলিথিন জব্দ ৩০ দোকানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিনসহ ভেজাল পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ৩০টি দোকানকে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ও কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব দেন। সহযোগিতা করেন টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। ইউএনও নাজিম উদ্দিন প্রথম আলোকে জানান, টেকনাফ বড়বাজার ও হ্নীলা বাজারের ৩০টি দোকানে অভিযান চালানো হয়। এসব দোকানে পলিথিন ব্যাগ বিক্রি, প্রদর্শন ও তা বাজারজাতকরণ করতে দেখা যায়। দোকানগুলোয় মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য, কোমল পানীয়, বিস্কুট, চানাচুর, আচার ও ভেজাল তেলও মজুদ ছিল। পণ্যগুলো জব্দের পাশাপাশি দোকানগুলো থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।