টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ ৩
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১৪ জনকে নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার নাফ নদীর ট্রানজিট জেটিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার বিকেলে জালিয়াপাড়ার নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট নৌকাভর্তি শিশুরা ভ্রমণে বের হয়। কিছুক্ষণ পর হঠাৎ জোয়ারের পানিতে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা নৌকার লোকজন ১৪ জনকে উদ্ধার করতে পারলেও তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে। তারা হলো টেকনাফ পৌরসভার ইসলাবাদের মনু মিয়ার ছেলে মো. আমিন (৯), আনোয়ার ইসলামের ছেলে সাদেক (৮) ও সদর ইউনিয়নের উত্তর নাজির পাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬)।
উদ্ধার হওয়া সাইফুল ইসলাম ও আমান উল্লাহ জানায়, ‘ছোট একটি নৌকায় করে আমরা ১৭ জন ভ্রমণে বের হই। কিছুক্ষণ পর নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় একটি নৌকা আমাদের উদ্ধার করে। বাকি লোকজন কে কোথায় জানি না।’
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কে আর বড়ুয়া প্রথম আলোকে বলেন, নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ পর্যন্ত এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, নৌকাডুবিতে তিনজন নিখোঁজ রয়েছে। নাফ নদীতে স্রোত বেশি রয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।