টেকনাফে নৌকাডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার আরও দুজনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হলো। এ ঘটনায় এখনো আনোয়ার সাদেক নামের একজন নিখোঁজ রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়া ও নয়াপাড়া এলাকা থেকে সাদ্দাম হোসেন ও মো. আয়ুবের লাশ উদ্ধার করা হয়েছে। দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার ঈদের পরদিন একটি ছোট নৌকায় করে ১৮ জন শিশু নবনির্মিত নতুন ট্রানজিট জেটি দিয়ে নাফ নদী ভ্রমণের সময় নৌকাটি উল্টে ডুবে যায়। এতে প্রাথমিকভাবে চারজন নিখোঁজ ছিল বলে নিশ্চিত হওয়া যায়। এরপর থেকে নিখোঁজ শিশুদের সন্ধানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ ও নিখোঁজ শিশুদের পরিবারের লোকজন অনুসন্ধান চালায়।
গতকাল বুধবার মো. আমিন নামের একজনের লাশ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়া ও নয়াপাড়া নাফ নদী এলাকায় দুটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন, কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় নিখোঁজ থাকা টেকনাফ সদরের নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬) ও আনোয়ারের ছেলে মো. আয়ুবের (১৫) লাশ দুটি উদ্ধার করা হয়।
আজ দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি মাইন উদ্দিন খান বলেন, লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এখনো আনোয়ার সাদেক নামের এক শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন টেকনাফ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ইউপির সদস্য এনামুল হক ও নিখোঁজের ভগ্নিপতি জিয়াউর রহমান।