টেকনাফে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষ, শিশু নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলার কক্সবাজার-টেকনাফ সড়কে আজ শুক্রবার পর্যটকবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হন।
নিহত শিশু মুনতাইনা (৩) ঢাকার মধ্যবাড্ডা এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী শীতাতপনিয়ন্ত্রিত বাস সিলভার লাইন (নৈশকোচ) উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজারের কক্সবাজার-টেকনাফ সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের বাঁকে দাঁড়িয়ে থাকা লবণভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থল মুনতাইনা নিহত হয়। আহত হন মুনতাইনার বাবা-মা ও ভাইসহ অন্তত ১০ জন। পরে স্থানীয় লোকজন ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি রণজিত্ কুমার বড়ুয়া বলেন, শিশুর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে।