টেকনাফে পাঁচ কোটি টাকার ইয়াবাসহ ট্রলার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) জওয়ানেরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে ৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির জওয়ানেরা নিয়মিত টহল দেওয়ার সময় নাফ নদীর শাহ পরীর দ্বীপ বদরমোকাম মোহনা থেকে একটি ফিশিং ট্রলারে পলিথিনে মোড়ানো ১৭টি প্যাকেটের ভেতর থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেন। এ সময় ট্রলারটিও জব্দ করা হয়।
জানতে চাইলে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তথ্য ছিল, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী হয়ে বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় টহল দেওয়া হয়। এ সময় মিয়ানমারের মংডু শহরের খাল দিয়ে একটি ফিশিং ট্রলার নাফ নদীর জলসীমানা অতিক্রম করে বঙ্গোপসাগরে যাওয়ার চেষ্টাকালে ট্রলারটিকে থামানোর সংকেত দেওয়া হলে তারা অম্যান্য করে পালানোর চেষ্টা চালায়। এ সময় বিজিবি জওয়ানেরা ট্রলারটিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিবর্ষণ করলে পাচারকারীরা ট্রলারটি গতিপথ পরিবর্তন করে মিয়ানমারের দিকে পালানো চেষ্টা করে।
এতে বিজিবি ট্রলারটিকে ধাওয়া করলে চলন্ত অবস্থায় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে গেলেও ট্রলারটি বাংলাদেশের দিকে চলে আসছিল। পরে বিজিবি ট্রলারটিকে নিয়ন্ত্রণে এনে জব্দ করতে সক্ষম হয়। ওই সময় ট্রলারে তল্লাশি চালিয়ে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়ির আনুমানিক মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা। টেকনাফে এ যাবৎ আটক করা ইয়াবার চালানের মধ্যে এটিই বড় চালান। আটক করা ট্রলার, জাল টেকনাফ শুল্ক বিভাগে ও ইয়াবাগুলো ব্যাটালিয়নের সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
গত ২৭ এপ্রিল ভোরে বিজিবি-র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই ইয়াবা ব্যবসায়ী জাহেদ হোসেন ও ফরিদুল আলম নিহত হওয়ার পর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা আত্মগোপনে গিয়ে সাগরপথে ইয়াবা পাচার করে যাচ্ছেন। এরই মধ্যে গত ২০ ও ৩০ জুন চট্টগ্রাম থেকে দুটি চালানে এক লাখ ৮০ হাজার ও নাফ নদীর মোহনা থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা বড়ির বড় চালান আটক করা হলো।