কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন এলাকা দিয়ে পাচারের সময় গতকাল মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করেছেন।
এ সময় দুই পাচারকারী টেকনাফ পৌরসভার কায়ুক-খালিয়াপাড়ার নূর হোসেনের ছেলে সাজ্জাদ হোসাইন (২৫) ও দমদমিয়া এলাকার হোসেন আহমদের ছেলে মো. জাবেরকে (১৮) আটক করে বিজিবি। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই আবদুল শুক্কুর মিয়ানমার থেকে এই ইয়াবার চালান টেকনাফে নিয়ে আসেন বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি গতকাল বিকেলে টেকনাফ থানায় ইয়াবার চালান জব্দের ঘটনায় তিন পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাংসদ বদির ছোট ভাই টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের মৃত এজাহার মিয়া কোস্পানির ছেলে আবদুল শুক্কুরকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ বদি প্রথম আলোকে বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি এই আসনের আওয়ামী লীগের প্রার্থী, জনগণও আমার পক্ষে। আমার পরাজয় নিশ্চিত করতে কুচক্রী মহল ইয়াবার চালানের সঙ্গে আমার ছোট ভাইকে জড়িয়ে দিয়েছে। থানায় দায়েরকৃত মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে। যদিও ইয়াবা চালানটি ধরার সময় আমার ছোট ভাই ঘটনাস্থলেই ছিল না। আমার ভাইয়েরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত নয়। আমি এই ইয়াবার চালান জব্দের ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই।’
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি নৌকা টেকনাফ স্থলবন্দরসংলগ্ন প্যারাবনে আত্মগোপন করে। এরপর দুই পাচারকারী (সাজ্জাদ ও জাবের) নৌকা থেকে ইয়াবা চালানটি নিয়ে টেকনাফ-কক্সবাজার সড়কে উঠে গাড়ির জন্য অপেক্ষা করে। এ সময় আগে থেকে জঙ্গলে ওত পেতে থাকা বিজিবি দমদমিয়া চেকপোস্টের সুবেদার নূরুল আমিনের নেতৃত্বে একটি টহল দল ব্যাগভর্তি ইয়াবা চালানসহ দুই পাচারকারীকে হাতেনাতে আটক করেন। আটক সাজ্জাদ হোসাইন এ সময় বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আমদানি পণ্যবোঝাই জাহাজে করে তাঁরা এর আগেও একাধিকবার ইয়াবা চালান নিয়ে আসেন। বন্দরের ভেতর থেকে সাংসদ বদির ভাই আবদুল শুক্কুর নিজের দামি গাড়িতে লুকিয়ে এই ইয়াবা চালান ঢাকার বসুন্ধরা আবাসিকে নিজের বাসায় নিয়ে যান। এই ইয়াবা চালানটিও সাংসদ বদির ভাই আবদুল শুক্কুরের জন্য আনা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে টেকনাফে পাচারের সময় প্রায় প্রতিদিন ইয়াবাসহ পাচারকারীরা বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ছে। আটক এই চালানটি ছিল এযাবৎকালের সবচেয়ে বড় ইয়াবা চালান। আটক দুই পাচারকারী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, পাঁচ কোটি টাকা মূল্যের দেড় লাখ পিচ ইয়াবা চালানটি আনা হচ্ছে টেকনাফের অলিয়াবাদের মৃত এজাহার মিয়া কোম্পানির (বদির বাবা) ছেলে আবদুল শুক্কুরের জন্য। এ জন্য তাঁকে ( শুক্কুরকে) মামলার প্রধান আসামি করা হয়েছে।
এ ব্যাপারে সাংসদ বদির ভাই আবদুল শুক্কুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো. নূরে আলম প্রথম আলোকে বলেন, টেকনাফ স্থলবন্দরের ভেতর দিয়ে ইয়াবা পাচারের কোনো সুযোগ নেই। বন্দরের ভেতরে সিসি ক্যামেরা বসানো আছে। ইয়াবা চালানটি বন্দরের উত্তর পাশের ১৪ নম্বর সেতুসংলগ্ন প্যারাবন থেকে ধরা পড়েছে। এর সঙ্গে বন্দরের কোনো সম্পর্ক নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে সাংসদ বদির পাঁচ ভাই আবদুল আমিন, আবদুল শুক্কুর, মোহামঞ্চদ ফয়সাল, শফিকুল ইসলাম, মৌলভী মুজিবুর রহমানের নাম রয়েছে। সাংসদ বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। যদিও তিনি এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। আবদুল আমিন ও আবদুল শুক্কুর ঢাকার বসুন্ধরা আবাসিকে ফ্ল্যাট কিনে সপরিবারে বাস করেন। বাকি তিন ভাই থাকেন টেকনাফে।