টেকনাফে পাঁচ দিনে শিশুসহ ৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত পাঁচ দিনে এ দুটি রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, ঋতু পরিবর্তনের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব রোগে আক্রান্ত হলে কবিরাজ ও গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানান।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুরা হলো—হোয়াইক্যং লম্বাঘোনা এলাকার শরীফ হোসেনের মেয়ে ফাতেমা বেগম (আট মাস), মিনাবাজারের বদিউর রহমানের ছেলে রশিদুর রহমান (পাঁচ মাস), বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী এলাকার শহর আলী মেয়ে সকিনা খাতুন (দুই মাস), টেকনাফ পৌর এলাকার কুলালপাড়া এলাকার মো ফারুকের ছেলে মো রিসাদ (৪২ দিন), পুরান পল্লানপাড়ার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে নুর হাসান (চার মাস)। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা হাজি ফয়েজুর রহমান (৭৫) হাসপাতালে মারা যান। টেকনাফ পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ মনির, হাসান আহমদ, বাহারছড়ার ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী ও সাবরাং ইউপির (প্যানেল-১) চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈল শিশুসহ ছয়জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবদুল মান্নান বলেন, ‘ঝড়বৃষ্টির পাশাপাশি হঠাৎ গরম অনুভূতি হওয়ায় শরীরে ঘাম শুকিয়ে মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এ সময়ে টেকনাফে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি হলেও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’