উখিয়ায় পাঁচ বৌদ্ধবিহারে হামলা, পুলিশের রাবার বুলেটে আহত ২০
টেকনাফে পাঁচ বাড়িতে আগুন দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলার পর গতকাল রোববার রাতে টেকনাফ উপজেলায় বৌদ্ধধর্মাবলম্বীদের পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে দগ্ধ হয়ে বুচি শর্মা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উখিয়ায় চারটি বৌদ্ধবিহারে ভাঙচুর ও একটি বিহারে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। হামলার আগে বাধা দিলে পুলিশ ও র্যা বের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে টেকনাফে অন্তত ১৫ জন ও উখিয়ায় পাঁচজন গুলিবিদ্ধ হয়। টেকনাফ: রামুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর গতকাল দুপুর থেকে টেকনাফ উপজেলার বিভিন্ন বৌদ্ধমন্দির ও বৌদ্ধধর্মাবলম্বীদের এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল জোরদার করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রায় দেড় কিলোমিটার উত্তরে হোয়াইক্যং স্টেশনে পৌঁছালে আরও প্রায় হাজার খানেক লোক মিছিলে যোগ দেয়। মিছিলটি হঠাৎপশ্চিম দিকে জুয়াড়িখোলা এলাকায় চ্যাকুমনি বৌদ্ধবিহারের দিকে অগ্রসর হলে পুলিশ ও বিজিবি বাধা দেয়।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ বাধা দিলে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ ৩০-৪০টি ফাঁকা গুলি ছোড়ে। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের পাঁচটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে অরুণ মল্লিক, যতীন শর্মা, জনু বড়ুয়া, সুনীল বড়ুয়াসহ পাঁচজনের ঘরবাড়ি পুড়ে যায়। এসআই বখতিয়ার বলেন, আগুনে দুজন দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে যতীন শর্মার স্ত্রী বুচি শর্মা (৭৫) মারা যান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামও বুচি শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্ষুব্ধ লোকজন মন্দির ভাঙচুর করতে না পেরে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করে।হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, বিক্ষোভের সময় পুলিশের গুলিতে আমতলীর মো. জাহেদ (১৮), লম্বাবিলের মো. জালাল (১৬), মো. করিম (১৮), মোস্তাক আহমদ (২৫), পুতিয়া (৮), মো. হোছন (১৮), হাছান আলীসহ (১৮) ১৫ জন আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। উখিয়া: বেলা একটার দিকে উখিয়ার কোটবাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে কিছু লোক। বিকেল সাড়ে চারটার দিকে রাজাপালং ইউনিয়নের জাজিমোরা বৌদ্ধবিহারে হামলা চালিয়ে বুদ্ধমূর্তি ভাঙচুর করা হয়। সন্ধ্যা সাতটার দিকে ভালুকিয়া পালং পূর্ব রত্না বৌদ্ধবিহারের ফটক ভাঙচুর করা হয়। সাড়ে সাতটার দিকে শত শত মানুষ কোটবাজার স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ করে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অখ্যেলা রাজু নাহার বলেন, ‘বিক্ষোভের সময় আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের ২০টি শেল নিক্ষেপ করা হয়। আহত হন পুলিশ ও পথচারীসহ আটজন। আহতদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ।’পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত আটটার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা দীপাঙ্কর বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত। একই সময় আরেক দল রাজাপালং ইউনিয়নের ফিনজিরকুল বৌদ্ধবিহারে ভাঙচুর চালায়। নয়টার দিকে ভাঙচুর করা হয় হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড় বিল বৌদ্ধবিহারে।উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে রাজাপালংয়ে বৌদ্ধবিহারের হামলার পরপর তা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এরপর বিভিন্ন বৌদ্ধমন্দিরে নিরাপত্তা জোরদার করা হলে পরবর্তী ঘটনা ঘটত না।’