টেকনাফে পাওনা টাকা আদায়ে শিশু অপহরণ!
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাওনা টাকা আদায়ের জন্য এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে উপজেলার শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা মৌলভী নুরুল হকের ছেলে কাসের মিয়া (৫) খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যায় কাসের বাসায় না ফেরায় মা-বাবা এবং আত্মীয়স্বজন খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় বাসিন্দা মো. ইউনুছ ও মো. শফিক শিশু কাসেরের বাবা-মাকে বলেন, তাঁরা ছৈয়দ হোছাইন শাহীনকে কাসেরকে নিয়ে যেতে দেখেছেন। অভিযুক্ত ছৈয়দ হোছাইন হচ্ছেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের নূর মোহাম্মদের ছেলে। হোছাইন নুরুল হকের ব্যবসায়িক অংশীদার। পরে কাসেরের পরিবার অপহরণকারীর বাড়িতে খোঁজ করে তাকে পায়নি। এ ঘটনায় টেকনাফ থানায় অপহূতের নানা ছালামত উল্লাহ অভিযোগ দায়ের করেছেন।ছালামত উল্লাহ বলেন, ‘নুরুল হকের সঙ্গে হোছাইনের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। পাওনা টাকার অজুহাতে কাসেমকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছি।’ টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।