টেকনাফে পানিতে ডুবে দুজনের মৃত্যু
কক্সবাজারের টেকনাফে পানিতে ডুবে আজ শুক্রবার দুজনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া গ্রামের আবদুর রহমান (৩৩) এবং হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া গ্রামের মো. বায়েজিদ (১২)।
চিকিৎসক ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া গ্রামের আবদুর রহমান নাফ নদীর চরে মাছ শিকার করতে যান। কিন্তু দুপুর পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজ করতে ওই চরে যান। পরে আবদুর রহমানকে ভাসমান অবস্থায় তাঁরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া বেলা তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মো. বায়েজিদকে উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম দ্বীন বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, এসব ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা করা হবে।