টেকনাফে পানির অভাবে ধানের থোড় বের হচ্ছে না
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রচণ্ড খরায় ফসলি জমির মাঠ ও ফসলের খেত ফেটে চৌচির। শুকিয়ে গেছে খাল-বিল-পুকুর। পানির অভাবে বিস্তীর্ণ এলাকার জমির ধানের থোড় বের হচ্ছে না। একদিকে বৃষ্টি নেই, অন্যদিকে ভয়াবহ লোডশেডিংয়ে সেচ প্রায় বন্ধ। খরায় পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোতে ঠিকমতো পানি উঠছে না।উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, পুরো উপজেলায় চলতি মৌসুমে প্রায় দুই হাজার একর জমিতে ধানের চাষ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেশির ভাগ জমিতে পানির অভাবে ধানগাছের আগা মোটা হয়ে গেছে। পুরো উপজেলা পল্লী বিদ্যুতের আওতাভুক্ত হলেও অধিকাংশ গ্রামে বিদ্যুৎ না থাকায় ধানখেতে পানির ব্যবস্থা করতে পারছেন না বলে জানিয়েছেন চাষিরা।দৈঘ্যাকাটা এলাকার চাষি হাসান আহমদ বলেন, ঢেঁকিকল দিয়ে পুকুর থেকে খেতে পানি দেওয়া হতো। পুকুর শুকিয়ে যাওয়ায় এখন তাঁরা আর খেতে পানি দিতে পারছেন না। এতে তিনি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন।নলকূপচালক আলী আহমদ জানান, প্রতিদিন গড়ে এক ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে মেশিন চালু করা হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার বিদ্যুৎ চলে যায়। পুরো উপজেলায় এখন পানির জন্য হাহাকার। আরেক নলকূপচালক আবদুল আজিজ জানান, গত দুই সপ্তাহে লোডশেডিংয়ের কারণে তিনবার তাঁর মোটরটি জ্বলে গেছে।উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় লোডশেডিং করতে হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল গফুর মোল্লা প্রথম আলোকে বলেন, ধানখেতে ঠিক সময়ে সেচ দিতে না পারায় থোড় আটকে গেছে। এতে করে ব্যাপক হারে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।