টেকনাফে পাহাড় কাটা চলছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাহাড় কেটে সেই মাটি দিয়ে বসতবাড়ির নিম্নাঞ্চল, রাস্তা ও পুকুর ভরাট করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে ভূমিধসের আশঙ্কা করছেন এলাকাবাসী।সরেজমিনে দেখা গেছে, উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার তিনটি পাহাড় কেটে উজাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। কিছু অসাধু ব্যবসায়ী পাহাড় কেটে মাটি ট্রাক ও ট্রাক্টরে বোঝাই করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে।ট্রাক্টরের চালক রশিদ আহমদ ও আবুল খায়ের বলেন, তাঁরা দৈনিক ৪০০ টাকা বেতনে আবুল হোসেনের গাড়িতে চাকরি করেন। তাঁর নির্দেশে ফসলি জমি, বসতবাড়ির উঠান, রাস্তার কাজ, পুকুর ভরা, স্কুলের মাঠ ও ইটভাটায় ব্যবহারের জন্য মাটি পৌঁছে দিচ্ছেন।পাহাড় কাটার কাজে নিয়োজিত শ্রমিক জিয়াউর রহমান (৩২) ও মো. ইউছুফ (৩৭) বলেন, পাহাড়ের মাটি কাটার জন্য আবুল হোসেন খুন্তি ও কোদাল জোগাড় করে দিয়েছেন এবং পাহাড়ের মালিক দাবিদার শামসুল আলম ও জোহরা বেগমকে প্রতি গাড়ি ২০০ টাকা এবং তাঁদের দৈনিক ৩৫০ টাকা মজুরি দেন। তাঁরা মাটি কেটে তাঁর গাড়িতে ভর্তি করে নির্ধারিত স্থানে নামিয়ে দিচ্ছেন।পাহাড়ের মালিক দাবিদার শামসুল আলম ও জোহরা বেগম জানান, পাহাড়টির জোত মালিক তাঁদের বাবা নুর আহমদ। টাকার বিনিময়ে নয়, বর্ষায় ধসে পড়া মাটি তাঁরা সরাচ্ছেন। এখানে কোনো পাহাড় কাটা হচ্ছে না। তাঁদের বাবার মালিকানাধীন পাহাড়ের মাটি সরালে দোষ কিসের?হ্নীলা বন বিভাগের বিট কর্মকর্তা শহীদুল ইসলাম পাহাড় কাটার কথা স্বীকার করে বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। এর আগে পাহাড় কাটার কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার বন আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছিল।’পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পাহাড় কাটা সম্পূর্ণভাবে অবৈধ। এতে এলাকার ইকো-সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। তাই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম বলেন, ‘পাহাড় কাটা আইনবিরোধী কাজ। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি হলেও পরিবেশে ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। তিনটি পাহাড় কাটার এ ব্যাপারে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।’