টেকনাফে পাহাড় কেটে চলছে বসতি স্থাপন
কক্সবাজারের টেকনাফে নেটং পাহাড়ের বিভিন্ন স্থানে নতুন নতুন বসতি গড়ে উঠছে। ঘরবাড়ি তুলতে পাহাড় কাটাও চলছে পুরোদমে। পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ স্থানে ঘরবাড়ি নির্মাণ করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় এলাকাবাসী। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বন বিভাগ সদর বিট অফিসের আওতাধীন বরইতলি, নাইট্যংপাড়া, আমির আহমদের ঘোনা, বৈদ্যর ঘোনা, ব্যাটালিয়ান ঘোনা, মাঠপাড়া, জাহালিয়াপাড়া, ধুমপেরাং ঘোনা, ফকিরা মুরা ও পল্লান ঘোনার বিভিন্ন এলাকায় পাহাড় কেটে ঘরবাড়ি তৈরির হিড়িক পড়েছে। গত দুই সপ্তায় এসব স্থানে শতাধিক বাড়ি তৈরি করা হয়েছে। আর তিন মাসে সাড়ে তিন শতাধিক নতুন বসতি গড়ে তোলা হয়েছে। এলাকাজুড়ে চলছে নতুন নতুন ঘর নির্মাণের হিড়িক। এলাকাবাসীর অভিযোগ, সদর বিট কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে ওই পাহাড়ে মিয়ানমারের রোহিঙ্গারা বসতি গড়ে তুলছে। পাশাপাশি বসানো হচ্ছে মদ ও জুয়ার আসর। পাহাড়ে বসতি স্থাপনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এ পাহাড়ের পাদদেশে আট শতাধিক পরিবার ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করে আসছে। ২০০৮ সালের ১৩ জুলাই পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনসহ ১৩ জনের মৃত্যু হয়। ২০০৯ সালে বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। গত জানুয়ারির শেষ দিকে পাহাড়ের বৈদ্যর ঘোনায় বসতি স্থাপন করে এক দম্পতি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতি বলে, ‘এ পাহাড়ে সরকারি জমিতে ঘর করতে গেলে বিট অফিসার কামরুল সাহেব প্রথমে বাধা দেন। পরে তিনি একটি ঘর থেকে পাঁচ হাজার টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছেন।’অভিযুক্ত কামরুল হাসান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বলে দাবি করেন। কিন্তু পাহাড়ের কিছু স্থানে ঘরবাড়ি নির্মাণের কথা তিনি স্বীকার করে বলেন, লোকবল কম থাকায় দখলদারদের ঠেকাতে কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। টেকনাফ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কায়সার হামিদ বলেন, যেভাবে টেকনাফে পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে, এতে সংশ্লিষ্ট বন বিভাগের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে। কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে বলে তিনিও অভিযোগ করেন। পাহাড় কাটা প্রতিরোধ করা না গেলে যেকোনো সময় পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, পাহাড় দখল করে বসতি নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় দখলের ঘটনায় বিট কর্মকর্তা জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থানকারীদের উচ্ছেদের জন্য শিগগির সাঁড়াশি অভিযান চালানো হবে।