টেকনাফে পাহাড় কেটে স্থলবন্দরের জমি ভরাট!
কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুরা পাহাড় ও এর পার্শ্ববর্তী আবাদি জমির মাটি কেটে টেকনাফ স্থলবন্দরের জমি ভরাট করা হচ্ছে। এতে আগামী বর্ষা মৌসুমে পাহাড়টি ক্ষতিগ্রস্ত হয়ে এই পাহাড়ের চূড়ায় থাকা রাখাইনদের ২০০ বছরের পুরোনো বৌদ্ধ জাদিটি (মন্দির) ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাখাইন নেতারা মন্দিরটি রক্ষার জন্য সরকারের বিভিন্ন কার্যালয়ে যোগাযোগ করলেও পাহাড় কাটা বন্ধ হয়নি।স্থলবন্দর কর্তৃপক্ষ পাহাড় ও আবাদি জমির মাটি কাটার পাশাপাশি নাফ নদীসংলগ্ন প্যারাবন ভরাট করে বন্দরের আয়তন বাড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উপকূল রক্ষার জন্য লাগানো কেওড়া ও বাইনগাছ কাটা পড়ছে। সরেজমিন দেখা গেছে, উপজেলার নিলা ইউনিয়নের জাদিমুরা বৌদ্ধ জাদি পাহাড় এবং জামে মসজিদসংলগ্ন পাহাড় ও আবাদি জমির মাটি কাটা হচ্ছে। ২০-৩০ জন শ্রমিক বুলডোজার দিয়ে পাহাড় কাটা মাটি ট্রাকে বোঝাই করে স্থলবন্দরে সরবরাহ করছেন। এতে ওই এলাকার কয়েকটি পরিবারের বসতভিটা, বৌদ্ধ জাদি (মন্দির), ফলদ ও বনজ বাগান হুমকির মুখে পড়েছে।স্থানীয় বাসিন্দা আবদুস শুক্কুর, আবদুস সালাম, ছালেহা বেগম, আবুল হাসেম, জাহাঙ্গীর আলম, ফাতেমা বেগম জানান, পাহাড় কাটা বন্ধ না হলে আসন্ন বর্ষায় নাফ নদীর পানিতে তাঁদের বসতবাড়ি তলিয়ে যাবে।পাহাড় কাটার সঙ্গে জড়িত শ্রমিক আবদুল খালেক জানান, স্থানীয় জাদিমুরা গ্রামের বাসিন্দা ফেরদৌসের নির্দেশে তাঁরা পাহাড় কাটছেন।জমির মালিক ফেরদৌস বলেন, ‘পাহাড় হলেও এই জমির মালিক আমি। নিজের জমির মাটি কেটে বিক্রি করলে অন্যের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই।’ ফেরদৌস জানান, পাহাড় কাটার মাটি স্থলবন্দরে বিক্রি করা হচ্ছে। জাদিমুরা বৌদ্ধ বিহার সংরক্ষণ কমিটির সভাপতি ক্যাথিংজ চৌধুরী বলেন, ‘বৌদ্ধ জাদি (কিয়াং) সংলগ্ন এলাকার পাহাড় ও ফসলি জমির মাটি কাটা পরিবেশ আইনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাহাড় কাটা বন্ধে আমরা বিভিন্ন সরকারি সংস্থার কাছে গিয়ে অভিযোগ করেছি।’ স্থলবন্দরের পরিচালনার দায়িত্ব পাওয়া বেসরকারি সংস্থা ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আবু নুর খালিদ জানান, স্থলবন্দর এলাকা সম্প্রসারণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মাটি ভরাটের কাজ চলছে। ব্যক্তি-মালিকানাধীন টিলা কিনে বুলডোজার দিয়ে সেই টিলার মাটি কেটে বন্দরে আনা হচ্ছে। মাটি দিয়ে প্যারাবন ভরাট করায় কিছু গাছ কেটে ফেলতে হচ্ছে। এতে পরিবেশের ক্ষতির কোনো কারণ নেই।উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হোসেন জানান, ২০০৩ সালের ৫ নভেম্বর তৎকালীন সরকার স্থলবন্দর প্রতিষ্ঠার জন্য কেরুনতলি এলাকায় প্রায় ২৭ একর উপকূলীয় প্যারাবনের জমি অধিগ্রহণ করে। বন্দর পরিচালনার দায়িত্ব পাওয়া বেসরকারি সংস্থার লোকজন প্যারাবনের গাছ নিধন করে বন্দরের জায়গা সম্প্রসারণ করছে। প্যারাবনে মাটি ভরাট ও গাছ নিধনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর টেকনাফ অঞ্চলের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, পাহাড় ও আবাদি জমির মাটি কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, পাহাড় কাটার বিষয়টি অনুসন্ধানের জন্য সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।