টেকনাফে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পাহাড়ের মাটি ও গাছ চাপা পড়ে মোহাম্মদ সেলিম (৪০) ও তাঁর মেয়ে টিসু মনি (৩) মারা গেছে।
আজ বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে।
হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী প্রথম আলোকে বলেন, রাতে ভারী বর্ষণ ও বজ্রপাতে সময় হঠাৎ করে একটি গাছসহ পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে মাটির ঘরের অংশবিশেষে মাটি ও গাছ চাপা পড়ে। ওই অংশে বাবা মোহাম্মদ সেলিম ও তাঁর মেয়ে টিসু মনি ঘুমিয়ে ছিল। পাহাড়টির কোনো নাম না থাকলেও পশ্চিম সাতঘরিয়াপাড়া এলাকা নামে পরিচিত। ওটির পাদদেশে কিছু বসতঘর নির্মাণ করে স্থানীয় লোকজন বসবাস করে আসছিল। পরে স্থানীয় লোকজন দ্রুত গিয়ে এসে বাবা-মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর শোনার পরপরই ঘটনাস্থাল পরিদর্শন করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, কয়েক দিন ধরে পাহাড়ে পাদদেশে বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য মাইকিং করা হলেও তারা শুনছে না। নিহত দুজনের দাফন সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষে থেকে ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।