টেকনাফে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফে তীব্র রোদের মধ্যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা। ছবিটি টেকনাফ কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় থেকে তোলা। ছবি: গিয়াস উদ্দিন, টেকনাফ
টেকনাফে তীব্র রোদের মধ্যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা। ছবিটি টেকনাফ কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় থেকে তোলা। ছবি: গিয়াস উদ্দিন, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাচনে আজ সোমবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে বেশির ভাগ কেন্দ্রে পুরুষ ভোটার নেই বললেই চলে। সব কেন্দ্রেই নারী ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ করা গেছে।

এ উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রের মধ্যে পৌরসভা ও সদর ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, প্রার্থীদের পাঠানো ব্যাটারিচালিত টমটম, রিকশা ও রিকশাভ্যানে করে নারী ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন। চৈত্রের তীব্র গরমেও দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন তাঁরা।

প্রিসাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, এই ১০টি কেন্দ্রে সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। আর এই ভোটের ৭০ শতাংশই নারী ভোট।

জানা গেছে, টেকনাফ কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় (কেজি স্কুল) কেন্দ্রে ভোট পড়েছে ৪৬৫টি।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক টিটু চন্দ্র শীল জানান, এখানে মোট ভোটার দুই হাজার ৪৮৯ জন।

এজাহার উচ্চবিদ্যালয় কেন্দ্রের চিত্রও একই রকম। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরও কম ভোটারের উপস্থিতি দেখা যায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও টেকনাফ ডিগ্রি কলেজের প্রভাষক ভবতোষ বিশ্বাস জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিন হাজার এক ভোটের মধ্যে ওই কেন্দ্রে ৪৭৮টি ভোট পড়েছে।

এই কেন্দ্রের সামনে স্থানীয় মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ বলেন, ‘অন্য কেন্দ্রের কথা জানি না। আমাদের কেন্দ্রে সব দলের প্রার্থীর সমর্থক থাকায় এখানে ভোটাররাও আসছেন বেশ স্বতঃস্ফূর্তভাবে।’

এজাহার উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মোহাম্মদ ইব্রাহিম নামের এক ব্যবসায়ী বলেন, ‘এবার ভোটে পুরুষদের মধ্যে তেমন আগ্রহ দেখছি না। কেন এমন হলো তা বুঝতে পারছি না।’

টেকনাফ কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা খোরশেদা বেগমের কাছে নারী ভোটারের উপস্থিতি বেশি ও পুরুষ ভোটারের উপস্থিতি কম কেন—জানতে চাইলে তিনি বলেন, বেশির ভাগ এলাকায় পুরুষেরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। দুপুরের পর তাঁরা ভোট দিতে আসবেন।