টেকনাফে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ তিন পুলিশসহ আহত ৮
কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুন্মাপাড়ায় গত মঙ্গলবার রাতে ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে তিন পুলিশসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, টেকনাফ মডেল থানার কনস্টেবল জামাল উদ্দিন (৩০), টিসু কুমার (২৯) ও মুসলিম উদ্দিন (৪৩)। তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে নীলার জুন্মাপাড়ায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধে টেকনাফ থানার তিন পুলিশ সদস্য ও পাঁচ ডাকাত আহত হন। সূত্র জানায়, পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্য আবদুল মান্নানকে (২৭) গ্রেপ্তার করে। মান্নান জানান, গুলিতে তিনিসহ ডাকাত দলের পাঁচ সদস্য আহত হয়েছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য ডাকাতদের ধরার চেষ্টা চলছে।