টেকনাফে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে একজন নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাহাড়ে গতকাল রোববার ভোররাত তিনটার দিকে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় ডাকাত সর্দার আবদুল মালেক (৩০) মারা গেছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্যসহ অন্তত ছয়জন।এ ঘটনায় পুলিশ তিনটি বন্দুক, লুণ্ঠিত ১২টি মুঠোফোন, ২০ হাজার ৮০০ টাকাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নিহত মালেক টেকনাফের বাঘঘোনা গ্রামের সব্বির আহমদের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, বাহারছড়া ও নোয়াখালী সমুদ্র উপকূলে ডাকাত সর্দার মালেকের নেতৃত্বে সম্প্রতি ব্যাপকহারে ঘরবাড়িতে লুটপাট চলছিল। ১২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে শফিক ও নুর মোহাম্মদ নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে, মধ্যরাতে মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকার একটি বাড়ি থেকে দেশীয় তৈরি একটি বন্দুকসহ ডাকাত জমিরকে আটক করা হয়। গতকাল ভোরে পুলিশ আটক জমিরকে নিয়ে টেকনাফের নোয়াখালী বাঘঘোনা পাহাড়ে ডাকাত মালেকের আস্তানায় অস্ত্র উদ্ধার অভিযান চালাতে গেলে ১০-১৫ জনের ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে মালেক মারা যান। ডাকাতের গুলিতে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মোনাফ, কনস্টেবল নাজমুল ও মনসুর। তাঁদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ বলেন, নিহত ডাকাত মালেকের বিরুদ্ধে খুনসহ পাঁচটি মামলা রয়েছে। এ ব্যাপারে পৃথক তিনটি মামলা করা হয়েছে।