কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় পুলিশের ১৬ জন সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে ৬ ও ৩ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩২ জনকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ৬ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া হাজী নবী হোসেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পর দেখা যায়, সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ জয়ী হয়েছেন। কেন্দ্রের ব্যালট বাক্সসহ কর্মকর্তাদের নিয়ে আসার সময় পরাজিত সদস্য প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকেরা কেন্দ্রের সামনে পুলিশকে বাধা দেন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে অতিরিক্ত র্যাব, পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা র্যাব ও পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় দুই পক্ষের মধ্যে শতাধিক গুলি বিনিময় হয়। অপরদিকে ৩ নম্বর কাটাবনিয়া-কচুবনিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থী কবির আহাম্মদ জয়লাভ করেন। ফলাফল ঘোষণার পর তাঁর পরাজিত প্রার্থী ছিদ্দিক আহাম্মদের (লাটিম) সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পুলিশ ২২টি গুলি বর্ষণ করে।৬ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং কর্মকর্তা মং কিউ জানান, পরাজিত প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকেরা পুলিশের গাড়িতে থাকা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁর সমর্থকদের সংঘর্ষ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সংঘর্ষে জড়িত কয়েকজন দাবি করেন, ৩০ জনের মতো মানুষ আহত হয়েছেন। গ্রেপ্তার আতঙ্কে তাঁরা গোপনে চিকিৎসা নিয়েছেন। এদিকে পুলিশ জানায়, পৃথক দুটি ঘটনায় ওসি আবুল হাশেম, নোয়াপাড়া কেন্দ্রের উপপরিদর্শক মোহাং হাসান, পুলিশ কনস্টেবল দিদারসহ পুলিশের ১৬ জন সদস্য আহত হন। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুরাদ মো. শমসের তবরিছ খাঁন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আহত পুলিশসহ ২২ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তাঁদের মধ্যে গুরুতর আহত ও গুলিবিদ্ধ আবদুল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ অপরদিকে, পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খোকন কান্তি সাহা আটক হওয়া প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুটি ঘটনায় আমি নিজেসহ ১৬ জন পুলিশ আহত হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।’ ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা নির্বাচনী কাজে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ওপর চড়াও হন। সরকারি কাজে বাধা দেওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত অপরাধীদের শাস্তি দেন।