টেকনাফে পৃথক দুটি অভিযানে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

কক্সবাজারে টেকনাফে পৃথক দুটি অভিযানে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে র্যাবের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুজনকে আটক করা হয়। কোস্টগার্ডের আরেক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে আটটার দিকে টেকনাফের হ্নীলায় র্যাবের অভিযানে দুজন আটক হন। আজ সোমবার ভোরে টেকনাফের লম্বরীঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। র্যাব-৭ টেকনাফ ক্যাম্প-১-এর ইনচার্জ লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব ও কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, গতকাল রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার মোহাম্মদ সেলিমের মালিকানাধীন একটি আসবাবপত্রের দোকানের আড়ালে ইয়াবা বেচাকেনা করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল দোকানটিতে অভিযান চালায়। ইয়াবা বেচাকেনার সময় হ্নীলার পূর্ব সিকদারপাড়ার মোহাম্মদ হাসান মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩২) একই এলাকার আব্দুল মোনাফের ছেলে নুরুল আবছারকে (২৪) ১০ হাজার ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, আজ ভোরে টেকনাফের লম্বরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়িগুলো থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।