টেকনাফে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১
কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সাবরাং করাচিপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সনজিদা বেগম (৩৫) নামে এক নারী মারা গেছেন। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নে হারিয়াখালী এলাকার অলি আহমদের মেয়ে এবং করাচিপাড়ার বাসিন্দা জালাল আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে সনজিদা বেগম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। রাতে তাঁর ছোট ভাই মোহামঞ্চদ শফিক বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হলে বাড়ির সামনে গতিরোধ করে একই এলাকার বাসিন্দা নাজির হোসেন, তাঁর ছেলে নূর হোসেন ও আবদুল মালেক। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা শফিককে ধরে মারধর করলে তাঁর চিৎকার শুনে দুই বোন সনজিদা বেগম ও রশিদা বেগম এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তদের হাতে থাকা ছুরিকাঘাতে সনজিদা ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে থানা-পুলিশের পরিদর্শক দিদারুল ফেরদৌসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহত শফিক ও রশিদা বেগমকে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিৎ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।