কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের হাজিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে তাহেরা বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাহেরা হাজিপাড়ার সৌদিপ্রবাসী জমিল হোসেনের স্ত্রী এবং সেন্ট মার্টিন পূর্বপাড়ার বাসিন্দা ও সেন্ট মার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল বশরের মেয়ে। তাহেরার স্বজনদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
ছয় বছর আগে জমিলের সঙ্গে তাহেরার বিয়ে হয়। এই দম্পতির দুটি কন্যাসন্তান আছে। এর মধ্যে একজনের বয়স তিন বছর। অন্যজনের ১৪ মাস।
তাহেরার শ্বশুরবাড়ির লোকজন বলেন, বৃহস্পতিবার বিকেলের পর থেকে তাহেরার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর বড় জা হাসিনা আক্তার তাহেরার শয়নকক্ষে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি (তাহেরা) মেঝেতে পড়ে আছেন। খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম খান তাহেরার লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য তাহেরার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই বলেন, তাহেরার গলায় আঘাতের চিহ্ন আছে।
তাহেরার ভগ্নিপতি মোহাম্মদ হারুন বলেন, তাহেরা কিছুদিন আগে তাঁদের বলেছেন, তাঁর বড় জা হাসিনা আক্তার বিভিন্ন কারণে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। তিনি আরও বলেন, তাঁদের ধারণা, পরিকল্পিতভাবে তাহেরাকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ব্যাপারে তাঁরা হত্যা মামলা করবেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে হাসিনার স্বামী মোহাম্মদ ইকবালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
ওসি বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।