টেকনাফে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শনে প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার কক্সবাজারের টেকনাফে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করেছে।
বিজিবির স্পিডবোটযোগে ১৯ সদস্যের প্রতিনিধিদল জালিয়ার দ্বীপ (জলিলের দিয়া) ও বিকেলে টেকনাফের সাবরাংয়ে প্রস্তাবিত অর্থনেতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করে। এরপর টেকনাফ সমুদ্রসৈকত-সংলগ্ন একটি হোটেলের সম্মেলনকক্ষে প্রকল্পের অগ্রগতির বিষয়ে মতবিনিময় সভা হয়। এতে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বেজার প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ, নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব। এ সময় স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, জেলা প্রশাসক মো. আলী হোসেন, ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ভূমি ব্যবহারের মহাপরিকল্পনার জন্য বেজার নির্বাহী চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল টেকনাফের প্রস্তাবিত দুটি অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টেকনাফের সাবরাংয়ের খুরেরমুখ এলাকায় ১ হাজার ১৬৫ একর ও জালিয়ার দ্বীপে ২৭১ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।