টেকনাফে প্রাচীন দিঘি ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন লঙ্ঘন করে কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ব্রিটিশ আমলের একটি দিঘি ভরাট করছেন স্থানীয় প্রভাবশালীরা। প্রায় ১ একর ২০ শতক আয়তনের এ দিঘির ৬৫ শতাংশই খাসজমি। এ দিঘিটি স্থানীয় ইসলামাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির অধীনে রয়েছে।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ইসলামাবাদ মসজিদ কমিটির সভাপতি হাসান আহমদ বলেন, প্রায় ৭০ বছর আগে টেকনাফের জমিদার কালা মিয়া স্থানীয় লোকজনের পানির চাহিদা পূরণ করতে দিঘিটি খনন করেন। এ দিঘিতে কালা মিয়া নিজের জোতজমির পাশাপাশি খাসজমিও কাজে লাগান। তখন থেকে দিঘিটি দেখাশোনার দায়িত্ব পালন করছে স্থানীয় মসজিদ কমিটি। দিঘিটি মসজিদের সম্পত্তি হিসেবে গণ্য করা হয়।
হাসান আহমদ বলেন, ২০১১ সালের জানুয়ারি মাসে স্থানীয় নতুন পল্লানপাড়ার নুরুল আমিন, আবদুল আমিন ও আবুল কালাম দিঘির দক্ষিণ পাশে ভরাট শুরু করেন। তখন পরিবেশ অধিদপ্তর তা বন্ধ করে দেয়। কিন্তু ১০ ডিসেম্বর থেকে স্থানীয় প্রভাবশালী আবদুল গফুর শ্রমিক দিয়ে দিঘির পূর্ব ও দক্ষিণ পাশে বালু ফেলছেন। দিঘি ভরাট বন্ধের দাবিতে স্থানীয় মসজিদ কমিটি ও এলাকার প্রায় ১ হাজার মানুষের স্বাক্ষরিত একটি আবেদন সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট একাধিক দপ্তরে পাঠানো হয়। তবে কোনো কাজ হচ্ছে না।
১২ ডিসেম্বর বিকেলে সরেজমিন দেখা গেছে, একাধিক ট্রাকে বালু এনে দিঘির পূর্ব ও দক্ষিণ দিক ভরাট করা হচ্ছে। এক ট্রাকের চালক হামিদ হোসেন বলেন, ‘টেকনাফ সদরের বটতলী ও মিঠাপানির ছড়া এলাকা থেকে বালু এনে দিঘি ভরাট করা হচ্ছে। প্রতি ট্রাক বালুর বিপরীতে আমরা পাচ্ছি ৪০০ টাকা। সকাল থেকে বিকেল পর্যন্ত আমি ২৫ ট্রাক বালু ফেলছি। পাশাপাশি আরও চারটি ট্রাকে বালু ফেলা হচ্ছে। স্থানীয় আবদুল গফুর বালুর টাকা পরিশোধ করছেন।’
আবদুল গফুর বলেন, ‘দিঘিটি আমার বাবার (কালা মিয়া) জোতজমিতে খনন করা হয়েছে। বাবা মারা যাওয়ার পর থেকে দিঘির মালিক আমরা। সে কারণেই বালু ফেলে এটি ভরাট করা হচ্ছে। পরে এখানে বহুতল মার্কেট নির্মাণ করা হবে।’ দিঘি ভরাটের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কাগজপত্র আছে বলেই দিঘি ভরাট করছি।’
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুযায়ী অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। করলে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
স্থানীয় মুসল্লিরা বলেন, সারা বছর এলাকার মানুষ দিঘির পানিতে ওজু করে মসজিদে নামাজ পড়েন। আশপাশের লোকজন গৃহস্থালি কাজেও দিঘির পানি ব্যবহার করেন। পৌরসভার অধিকাংশ এলাকায় মাটির নিচে জমাটবাঁধা পাথরের স্তূপ থাকায় নলকূপ স্থাপন করা যায় না। তাই এ দিঘির পানিই ভরসা। অথচ দিনদুপুরে দিঘিটি ভরাট করা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল বলেন, ‘দিঘি ভরাটের অভিযোগ পেয়েছি। কিন্তু দাপ্তরিক কাজে এলাকার বাইরে থাকায় ভরাটকাজ বন্ধ করা যাচ্ছে না। টেকনাফে ফিরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা আবদুল জব্বার বলেন, ভূগর্ভস্থ পানির বিকল্প হিসেবে দিঘিটি পুনঃখনন করার জন্য তিন মাস আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সিদ্ধান্ত আসার আগেই দিঘিটি ভরাট করা হচ্ছে। ১ একর ২০ শতক আয়তনের এ দিঘির ৫৬ শতাংশ জায়গা সরকারি খাস খতিয়ানভুক্ত, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম বলেন, টেকনাফ পৌরসভায় দিঘি বা পুকুর ভরাটের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। প্রাচীন দিঘি ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।