টেকনাফে প্রাচীন দিঘির ভরাট বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার প্রাচীন একটি দিঘির ভরাটকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে দিঘির ভরাটকাজ বন্ধ করে দেন। সেখানে জেলা প্রশাসনের পক্ষে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
সাইনবোর্ডে লেখা আছে, সরকারি খাস পুকুর। মৌজা টেকনাফ। বিএস খতিয়ান নম্বর ০১। বিএস দাগ নম্বর ১০৭৫। জমির পরিমাণ ০.৫৬ একর। মালিকানায়—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
গত বুধবার প্রথম আলোয় ‘টেকনাফে প্রাচীন দিঘি ভরাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, আইন অমান্য করে প্রাচীন দিঘি ভরাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমিকে) নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল জানান, গতকাল বিকেলে ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুল জব্বার, সার্ভেয়ার সাইদুর রহমান ঘটনাস্থলে গিয়ে দিঘির ভরাটকাজ বন্ধ করে দেন। দিঘি ভরাটকাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা আবদুল জব্বার জানান, তাঁরা ঘটনাস্থলে গেলে দিঘি ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।