টেকনাফে প্রায় ৩৫ হাজার রোহিঙ্গা উচ্ছেদ
বিকল্প কোনো ব্যবস্থা না করেই কক্সবাজারের টেকনাফে আজ বুধবার প্রায় ৩৫ হাজার রোহিঙ্গাকে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপকূলীয় বন বিভাগের ঝাউবন এলাকার প্রায় দেড় কিলোমিটার এলাকায় আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
টেকনাফের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবাল প্রথম আলোকে বলেন, দখলকারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বনের জায়গা দখল করে বসবাস করে আসছিল। বনের জমি উদ্ধার করতে অভিযান চালানো হয়েছে। আজ দুপুরে জাহিদ ইকবালের নেতৃত্বে বিজিবি, পুলিশ, আনসার ও বন বিভাগের শতাধিক কর্মী এ অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারের ওই ঝাউবাগানে ১৯৯২-৯৩ সাল থেকে এসব রোহিঙ্গা শরণার্থী বসবাস করত। এখানে পলিথিন ও বাঁশের তৈরি প্রায় আড়াই হাজার ঝুপড়ি ঘর ছিল। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথম আলোকে বলেন, প্রায় ২০ বছর ধরে মিয়ানমার থেকে রোহিঙ্গারা এখানে বাস করত। তারা স্থানীয় মাছ ধরার নৌকায় শ্রমিক হিসেবে কাজ করত। উচ্ছেদকৃতদের জন্য বিকল্প কোনো জায়গার ব্যবস্থা করা হয়নি। তারা আশপাশের গ্রামে ও পাহাড়ে আশ্রয় নিয়েছে। গত ২৭ ও ২৮ জানুয়ারি ঝাউবাগানে বসবাসকারী রোহিঙ্গাদের সরে যেতে মাইকিং করা হয়েছিল। এর পরও সরে না যাওয়ায় আজ এ উচ্ছেদ অভিযান চালানো হলো।