টেকনাফে ফিরেছেন আটকে পড়া ৫১ পর্যটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া ৫১ জন পর্যটক আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিয়ে টেকনাফ শহরে ফিরে এসেছেন। পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদে করে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা টেকনাফে ফেরেন।
সরেজমিনে দিয়ে দেখা যায়, সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগর পাড়ি দিয়ে দমদমিয়া জেটি ঘাট দিয়ে তীরে উঠে পর্যটকদের অনেকে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন। নিরাপদে ফিরে আসার খবরটি অনেকে মুঠোফোনে পরিবারের সদস্যদের জানাতে ব্যস্ত হয়ে পড়েন।
গত সোমবার সকালে ওই পর্যটকেরা টেকনাফ থেকে জাহাজ ও ট্রলারে করে সেন্ট মার্টিনে যান।
কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, সাগর উত্তাল ও তিন নম্বর সতর্ক সংকেত থাকায় এ রুটে দুই দিন ধরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আটকে পড়া ৫১ পর্যটককে ফিরিয়ে আনা হয়।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকলেও উপজেলা প্রশাসন ও জাহাজ কর্তৃপক্ষের উদ্যোগে ঝুঁকি নিয়ে বিকেলে জাহাজে করে টেকনাফ আসেন ৫১ পর্যটক।
উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় সাগর এখনো উত্তাল আছে।