টেকনাফে ফুটপাত থেকে দুই শতাধিক দখলদারকে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত থানা মোড়, শাহপরীর দ্বীপ, জিপ স্টেশন, পুরাতন বাসস্টেশন, বার্মিজ স্কুল এলাকা, লামার বাজার ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান চলছিল। পৌরসভা সূত্র জানায়, গতকাল শতাধিক শ্রমিক নিয়োগ করে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ৭ জুন এলাকার সচেতন নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় অবৈধ দখল ও যানজটমুক্ত পৌরসভা গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এরপর অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য মাইকযোগে প্রচার চালানো হয়।ফুটপাতের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, দুই দিন আগে মাইকিং করে ফুটপাত থেকে অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই আকস্মিকভাবে দোকানপাট উচ্ছেদ করায় তাঁদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।পৌর কাউন্সিলর ও অবৈধ দখল উচ্ছেদ কমিটির সভাপতি আবদুল্লাহ মনির প্রথম আলোকে বলেন, যানজট নিরসন ও পথচারীদের চলাচলে বাধা দূর করতেই এ অভিযান চালানো হয়।