টেকনাফে বক নিধন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রতিদিন নির্বিচারে বক নিধন চলছে। উপজেলার প্রতিটি হাটবাজারে দুই সপ্তাহ ধরে বক বিক্রি বেড়ে গেছে অনেক।স্থানীয় লোকজন জানান, এলাকার খাল-বিল ও ধানখেতে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকা পড়ছে প্রচুর বক। শিকারিদের কাছ থেকে কিনে নিয়ে এসব বক ফড়িয়ারা প্রকাশ্যে বিক্রি করছেন হাটবাজারে। অনেকে আবার বেশি দামের আশায় খাঁচা ও বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলা শহরে। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।বকবিক্রেতা লাল মোহাম্মদ ও নুরুল হক বলেন, উপজেলার বিভিন্ন এলাকার শিকারিদের কাছ থেকে প্রতি জোড়া বক ১০০-১৫০ টাকায় কেনেন তাঁরা। এসব বক প্রতি জোড়া ২০০-৩৫০ টাকায় বিক্রি হয়। ফেরি করে বক বিক্রি করে দৈনিক এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আয় হয়। বক বিক্রি করা যে আইনত দণ্ডনীয় অপরাধ, তা তাঁরা জানেন না।কয়েকজন শিকারি জানান, বিস্তীর্ণ সবুজ ধানি জমিতে বকের বিচরণস্থলে এসব ফাঁদ পেতে রাখা হয়। ওইসব স্থান থেকে পানি নামতে শুরু করায় ছোট মাছ খাওয়ার লোভে ঝাঁকে ঝাঁকে বক ভিড় জমাচ্ছে। শীত মৌসুম শুরু হওয়ায় প্রতিদিন গড়ে ৩০-৫০টি বক শিকার করা যাচ্ছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির বলেন, পাখি নিধন বিষয়ে এখানে তেমন প্রচার-প্রচারণা নেই বললেই চলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এনামুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বকের মাংস খেলে বাতরোগ ভালো হয় বলে স্থানীয় লোকজনের মধ্যে একটি কুসংস্কার রয়েছে। এটি সম্পূর্ণ ভুল ধারণা।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, এখন থেকে হাটবাজারে নজরদারির ব্যবস্থা নেওয়া হবে।