টেকনাফে বন বিভাগের জমি দখলের চেষ্টার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে বন বিভাগের জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭-২০০৮ সালে হোয়াইক্যং ইউনিয়নের বড়ছড়া এলাকার বন বিভাগের ৬০ হেক্টর জমিতে সামাজিক বনায়নের মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। সামাজিক বনায়ন কমিটির সভাপতি আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক মনির আলম অভিযোগ করেন, গত শনিবার সকালে স্থানীয় ইউপি সদস্য গোলাম আকবর, হারুন ও নুরুল ইসলাম মিস্ত্রিসহ স্থানীয় টাইগার ক্লাবের নামধারী কয়েকজন যুবক ওই জমির মধ্যে দেড় থেকে দুই একর জমি বেড়া দিয়ে দখলের প্রক্রিয়া শুরু করেন। এ সময় তাঁরা বাধা দিলে ওই প্রভাবশালী ব্যক্তিরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের তাড়িয়ে দেন।অভিযুক্ত ইউপি সদস্য গোলাম আকবর দাবি করেন, এ ঘটনায় তিনি জড়িত নন।বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের কর্মকর্তা ইউনুচ মিয়া জানান, কে বা কারা ওই ভূমি দখলের চেষ্টা করেছে বলে শুনেছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া না গেলেও কিছু বাঁশ ও বেড়া উদ্ধার করা হয়েছে।