টেকনাফে বলীখেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত শনিবার বলীখেলা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত একজন গতকাল রোববার মারা গেছেন। তাঁর মৃত্যুর জের ধরে গতকাল ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আবার সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকালের ঘটনায় আহত ১১ জনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় সাবরাং মাঠে তিন দিনের বলীখেলা চলাকালে সিকদারপাড়ার এক কিশোর পাশের মণ্ডলপাড়ার এক কিশোরের গায়ে পানি ছুড়ে মারে। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হন। ওই দিন রাতে গুরুতর আহত সিকদারপাড়ার রোশন আলীর ছেলে সলিম উল্লাহকে (২৫) টেকনাফ হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেল তিনটায় সেলিম উল্লাহ মারা যান।টেকনাফ থানার ওসি মো. খালেদ হোসেন জানান, নিহত ব্যক্তির ভাই হত্যা মামলা করেছেন।