টেকনাফে বলীখেলায় সংঘর্ষ, দিদার বলীসহ আহত ২০
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল রোববার বলীখেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দিদার বলীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্যার ডেপা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার আছারবনিয়া পাড়া গ্রামের যুব সমাজের ব্যানারে রুহুল্যার ডেপা এলাকায় ১৪ এপ্রিল থেকে এ বলী খেলা চলছে। গতকাল ছিল ফাইনাল খেলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল পাঁচ টায় প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডের শুরুতে চট্টগ্রামের জব্বার মিয়ার বলীখেলায় একাধিকবার চ্যাম্পিয়ন রামুর দিদার বলী ও উখিয়ার নুর মোহাম্মদ বলীর মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দিদার বলীকে ছুরিকাঘাত করা হয়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গুরুতর আহত দিদার বলীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আয়াত উল্লাহ বলেন, দিদার বলীর কাঁধে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।