টেকনাফে বাস ও ট্রাক সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের শীলবনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সাবরাং নয়াপাড়া থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে টেকনাফ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকচালক সোনা মিয়া (৩৫) ও সহকারী আজাদ উল্লাহকে (২১) আধা ঘণ্টা পর দরজা কেটে বের করেন। এ সময় বাসের চারজন যাত্রী সিরাজ মিয়া (৪০), সুলতান আহমদ (৫০), মো. রাশেদ (২৫) ও মো. শহিদুল্লাহকে (২৭) আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাশ প্রথম আলোকে বলেন, আহত ট্রাকচালক সোনা মিয়া ও তাঁর সহকারী আজাদ উল্লাহ অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, ওই সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। সড়কের ওপর থেকে বাস-ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।