টেকনাফে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় বাসের ধাক্কায় পারভিন আক্তার (১৩) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী পর্যটকবাহী একটি বাসের ধাক্কায় সে নিহত হয়।

পারভিন আক্তার কাঞ্জরপাড়া এলাকার আবদুল গফুরের মেয়ে ও কাঞ্জরপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে খাবার পানি আনতে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় প্রধান সড়কের পাশে যায়। তখন টেকনাফ থেকে চট্টগ্রামগামী সুগন্ধা পরিবহন নামের পর্যটকবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) চন্দন সিনহা ধাওয়া করে হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে বাসটি আটক করেন। ওই সময় বাসের চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব কাঠগড় এলাকার আহমদ হোসেনের ছেলে আনোয়ার হোসেনকেও (৩৮) আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আটক চালকের বিরুদ্ধে মামলা করে তাঁকে আজ রোববার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।