টেকনাফে বিএনপি-আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলের সঙ্গে ব্যক্তিগত গাড়ির ধাক্কা লাগার ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।সংঘর্ষের সময় একদল লোক উপজেলা পরিষদের সামনে বিএনপির নেতার একটি পেট্রলপাম্পে হামলা ও ভাঙচুর চালায়। রাত ১০টায় পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরিস্থিতি থমথমে রয়েছে। সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির সদস্যদের টহলে রাখা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে টেকনাফ সমুদ্রসৈকত থেকে প্রাইভেট কারযোগে বাড়ি ফিরছিলেন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের ছেলে দিদার হোসেন (২৬)। দিদার হোসেন গুদারবিল সড়কের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে তাঁর গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর ছোট ভাই জিয়াউর রহমানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় উত্তেজিত লোকজন দিদারকে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মাইকে প্রচার করে জাফর আহমদ ও মোহামঞ্চদ আবদুল্লাহ কয়েক হাজার দলীয় সমর্থক নিয়ে পৌরসভার প্রধান সড়কে অবস্থান নেন। জাফর আহমদের সমর্থকেরা পৌরসভার বাসস্টেশন আর আবদুল্লাহর সমর্থকেরা ৫০০ থেকে ৭০০ গজ দূরে পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্টে অবস্থান নেয়। তাদের প্রত্যেকের হাতে ছিল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র। রাত সাড়ে আটটার দিকে একদল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে জিরো পয়েন্টের দিকে অগ্রসর হতে থাকে। তখন অন্য পক্ষও গুলি করতে করতে সামনে আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। হামলার সময় কিছু লোক বাসস্টেশনের দোকানপাট ও রাস্তার ওপর রাখা ফল ও তরিতরকারি লুট করে নিয়ে যায়। রাত সাড়ে নয়টার দিকে জাফর আহমদের সমর্থকেরা উপজেলা পরিষদের সামনে বিএনপির নেতা আবদুল্লাহর মালিকানাধীন পেট্রলপাম্পে হামলা ও ভাঙচুর চালায়। বিএনপির নেতা মো. আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির প্রত্যক্ষ সহযোগিতা ও মদদে জাফর আহমদ তাঁর পেট্রলপাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। এতে তাঁর অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীদের গুলি ও হামলায় বিএনপির অন্তত ৩০-৪০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একাধিকবার চেষ্টা করেও জাফর আহমদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাঁর ছেলে দিদার হোসেন বলেন, বিএনপির নেতা আবদুল্লাহ তাঁর লাইসেন্সধারী বন্দুক থেকে গুলিবর্ষণ করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন। তিনি বলেন, তাঁদের অন্তত ৩০ জন সমর্থক আহত হয়েছে। পেট্রলপাম্পে হামলার ঘটনা তাঁর জানা নেই বলে তিনি দাবি করেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুর রহমান বদি প্রথম আলোকে বলেন, সামান্য ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সদস্যরা মাঠে নেমেছেন।সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা বলেন, পৌরসভার প্রধান সড়ক এখন পুলিশ ও বিজিবির সদস্যদের নিয়ন্ত্রণে। এখানে দুই পক্ষের কারও উপস্থিতি নেই।তবে বাসস্টেশনের কয়েকজন ব্যবসায়ী বলেন, বিএনপির নেতা আবদুল্লাহর সমর্থকেরা টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এবং জাফর আহমদের সমর্থকেরা লেংগুরবিল সড়কের (তাঁর বাড়ির সামনে) বাগানবাড়িতে অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। রাত সাড়ে ১০টার দিকে সাংসদ আবদুর রহমান বদিকে সড়কে গাড়িতে চড়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।