টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সোয়া ২ লাখ ইয়াবা বড়ি জব্দ
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ২৪ হাজার ইয়াবা বড়ি ও একটি ট্রলার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় মো. হোসেন আহমদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া ও সাবরাং ইউনিয়নের মগপাড়ার স্লুইসগেট-সংলগ্ন এলাকা থেকে ওই ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ছাড়া মৌলভীপাড়া এলাকা থেকে মো. হোসেন আহমদ (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সদর ইউনিয়নের মৌলভীপাড়ার ৩ নম্বর স্লুইসগেট-সংলগ্ন প্যারাবন এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ছয়টার দিকে একটি ট্রলারকে থামানোর সংকেত দেন তাঁরা। কিন্তু সংকেত অমান্য করে ট্রলারটি পালানোর চেষ্টা করে। পরে বিজিবির দলটি স্পিডবোটে করে ট্রলারটিকে ধাওয়া দেয়। এ সময় ট্রলারে থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমা এলাকায় পালিয়ে যান। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ২ লাখ ৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। ট্রলারটি জব্দ করা হয়েছে।
একই দিন ভোররাত পাঁচটার দিকে টেকনাফ সদর সীমান্ত চৌকির টহল দল বেড়িবাঁধ এলাকা থেকে মো. হোসেন আহমদ নামে একজনকে ২০ হাজার ইয়াবা বড়িসহ আটক করে। তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন। কিন্তু তাঁরা পালিয়ে যান। আটক ব্যক্তির বাড়ি টেকনাফ পৌরসভার কুলালপাড়া গ্রামে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, পৃথক অভিযানে উদ্ধার করা ইয়াবার দাম ৬ কোটি ৭২ লাখ টাকা। আটক ব্যক্তিসহ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পালিয়ে যাওয়া মো. ইদ্রিস আলী, মো. আবদুল্লাহ, মো. মোজাম্মেল, মো. দেলোয়ারকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হবে।